ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস হয়েছে সাধারণ পরিষদে। প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ১৪৩টি দেশ ভোট দিয়েছে। অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ বাঁচাতে প্রতিদিন গাজার রাফাহ শহর ছাড়ছে ৩০ হাজারের বেশি মানুষ। তবে হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত আছে।
শনিবার ১১ মে আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়।
১৯৩টি সদস্যদেশের মধ্যে বাংলাদেশসহ ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপুল ভোটে প্রস্তাব পাস হওয়ায় ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি জোরালো হলো। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৯টি দেশ। ভোট দেওয়া থেকে বিরত ছিল বিশ্বের মোট ২৫টি দেশ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। এছাড়াও যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজার রাফা অঞ্চলে নতুন করে বোমাবর্ষণ করেছে।
জাতিসংঘ জানায়, হামলায় শহরটি ছেড়ে গেছেন এক লাখ ১০ হাজারের বেশি মানুষ।
তবে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শতাধিক বিক্ষোভকারীর উপর লাঠিচার্জ করেছে পুলিশ।
এছাড়াও গাজায় হামলার প্রতিবাদে ইয়েমেনের সানায় ২০ লাখের বেশির মানুষ গণসমাবেশ করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনও ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে।











