আন্তর্জাতিক ডেস্ক: একঘেয়ে চাকরি করে যারা ক্লান্ত, যারা নিজেদের মতো করে কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য খুশির খবর জানাল সংযুক্ত আরব আমিরাত। আরবের এই দেশটির প্রশাসন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, সে দেশের সরকারি চাকরীজীবীরা প্রয়োজনে এক বছরের ছুটি নিতে পারবেন। এই সময়ের মধ্যে ছুটিপ্রাপকরা নিজেদের ব্যবসা শুরু করার প্রস্তুতি নিতে পারবেন। এই দীর্ঘ ছুটির জন্য তাদের বেতনে সামান্য কোপ পড়লেও তা পুরোপুরি বন্ধ করা হবে না।
আমিরাতের ‘খালিজ টাইমস’ সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। সম্প্রতি সে দেশের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমিরাতে ব্যবসাবাণিজ্য বাড়ানোর জন্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে আমিরাতের প্রেসিডেন্ট তার টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘আমরা দেশের নতুন প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করতে চাই। এতে আমাদের দেশের অর্থনীতি উপকৃত হবে।’
সরকারি একটি সূত্র জানিয়েছে, ছুটি নেওয়া চাকুরেদের অর্ধেক বেতন দেওয়া হতে পারে। যে সব কর্মীদের বাৎসরিক ছুটি বকেয়া রয়েছে, তারা এক বছরের বেশি ছুটি নিতে পারবেন। শুধু তা-ই নয়, নতুন ব্যবসা শুরু করার জন্য সব সাহায্য করবে সে দেশের প্রশাসন।






