বিশ্ব মুসলিমকে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা ও মানবিক আবেদন
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঈদুল ফিতর উপলক্ষে দেশ, মুসলিম বিশ্ব এবং গোটা মানবজাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে ঈদ উপলক্ষে অসহায়দের পাশে দাঁড়ানোর মানবিক আহ্বান জানিয়েছেন তিনি। রোববার, ১ মে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তুর্কি নেতা।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান ভিডিও বার্তায় বলেছেন, আমি আমাদের দেশের প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা যেন এই ঈদুল ফিতরকে একটি ‘ভাতৃত্বের মহান উৎসবে’ পরিণত করেন। যখন নিজেদের উৎস বা বিশ্বাস নির্বিশেষে দেশের প্রায় সাড়ে ৮ কোটি সদস্য একে অপরকে আলিঙ্গন করেন।
ভিডিও বার্তায় এরদোয়ান কামনা করেন, এই উৎসবটি তুরস্ক, তুর্কি জাতি, ইসলামী বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য শান্তি, প্রশান্তি ও মঙ্গলের মাধ্যম হয়ে উঠুক।
‘আমরা ঈদ উপলক্ষে এতিম, শহীদের সন্তান এবং সেইসঙ্গে আমাদের মা, বাবা ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে ভুলে না যাই… একই সঙ্গে আমরা অসুস্থ, অভাবী, বৃদ্ধ এবং নির্যাতিত— যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে ও যাদের সঙ্গে আমরা আমাদের জন্মভূমি শেয়ার করছি (একত্রে বাস), তাদের কথা ভুলে না যাই,’ যোগ করেন এরদোয়া।
এ ছাড়া তুর্কি নেতা তার ভিডিও বার্তায় দেশটির কর্তব্যরত নিরাপত্তা বাহিনীকে, যারা মাতৃভূমির সুরক্ষার জন্য নিয়োজিত, ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশটির ‘আগস্ট শহীদদের’ এবং ‘বীর প্রবীণদের’ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
প্রসঙ্গত, সোমবার, ২ মে তুরস্কে ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে দেশটিতে তিন দিনের ধর্মীয় ছুটি ঘোষণা করা হয়েছে।









