“সকলে ঠিকভাবে যাকাত আদায় করলে দেশে দারিদ্র্য থাকবে না”
নিউজ ডেস্কঃ মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, ইসলামি অর্থনীতি তথা প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রণীত অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি হল যাকাত। যাদের ওপর যাকাত ফরজ হয়েছে, তাদেরকে অবশ্যই তা যথাযথভাবে আদায় করতে হবে। যাকাত আমাদের সম্পদের ওপর দরিদ্রদের অধিকারের অংশ। এটা কারো করুণা বা দান নয়। দরিদ্রদের অধিকার থেকে বঞ্চিত করা জুলুম। মহান আল্লাহ্ জুলুমকারীদের পছন্দ করেন না। আবার যাকাতের নির্ধারিত অর্থ যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রদান করতে হবে, যাতে এর প্রকৃত দাবিদাররাই তা পেয়ে উপকৃত হন। যাতে তারা দারিদ্র্য ঘুচিয়ে স্বাবলম্বী হতে পারেন। ইসলামের এ নীতি অনুসরণ করলে সমাজে দারিদ্র্য ও ধনি-গরিবের বৈষম্য থাকবে না। আমাদের শাসকগোষ্ঠী দারিদ্র্য বিমোচনে ও ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে নানাবিধ উদ্যোগ নিচ্ছে। অথচ যাকাতই এর একমাত্র সমাধান। মহান আল্লাহ্ তা’য়ালা প্রদত্ত বিধান ও প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুসরণের মাঝেই মানবজাতির প্রকৃত কল্যাণ ও সমৃদ্ধি নিহিত।
মঙ্গলবার (২৬ এপ্রিল) মুন্সিগঞ্জে রাহমানিয়া মইনীয়া খানকাহ্ শরীফে আয়োজিত ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও শত শত আশেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে বিশ্বে নিপীড়িত মানবতার মুক্তি, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় মুনাজাত করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।









