‘গ্লোবাল ইমপ্যাক্ট সামিট ২০২২’-এ অংশগ্রহণ করল ইউআইইউ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দরাবাদে ওয়াক্সসেন ইউনিভার্সিটি আয়োজিত ‘গ্লোবাল ইমপ্যাক্ট সামিট ২০২২’-এ অংশগ্রহণ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। এই আন্তর্জাতিক সামিটে বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ব্রাজিল, জার্মানি, রোমানিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং কোরিয়া থেকে শিক্ষাবিদ, গবেষক, উদ্যোক্তা এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিলেন। এ ছাড়া মার্কিন দূতাবাস এবং ভারত সরকারের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে ইউআইইউর মাননীয় উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমানের সহযোগিতায় ওয়াক্সসেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়।
ইউআইইউ সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশনের (সিআইএসি) পরিচালক প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এবং ওয়াক্সসেন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ড. রাউল রদ্রিগেজ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ শুরু করেন।
ইউআইইউর পক্ষ থেকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল আফেয়ার্স অ্যান্ড কো-অপারেশনের (সিআইএসি) সহকারী পরিচালক মিসেস জেনিফার হোসেন ‘২০৩০ : উচ্চশিক্ষায় আন্তর্জাতিকীকরণের পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি ইউআইইউর আন্তর্জাতিকীকরণের তাৎপর্য ও বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যে সহযোগিতা ডিজিটালাইজেশন ছাড়া সম্ভব নয় এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত ডিজিটাল প্রযুক্তি থাকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
উক্ত সামিটে গোলটেবিল আলোচনায় এশিয়া ইএফএমডি, পিইউসিপিআর, ব্রাজিল, এইচএইচএল লিপজিগ গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট, জার্মানি, ভারত এবং ক্লাসাভো, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্য বক্তারা অংশগ্রহণ করেন।











