ফেনী জেনারেল হাসপাতালে চালু হলো অক্সিজেন প্লান্ট
নিউজ ডেস্ক: ফেনী জেনারেল হাসপাতালে করোনা রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে উদ্বোধন করা হয়েছে ছয় হাজার লিটারের লিকুইড অক্সিজেন প্লান্ট। গতকাল দুপুরে হাসপাতাল কম্পাউন্ডে স্বাস্থ্যবিধি মেনে প্লান্টটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, সিভিল সার্জন রফিক উস সালেহীন, বিএমএর সভাপতি অধ্যাপক সাহেদুল ইসলাম কাওছার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র শীলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন সেবা ও সিলিন্ডার অক্সিজেন সেবা চালু থাকলেও রোগীর চাপ বাড়ায় তা দিয়ে রোগীর চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না। এটি চালু হওয়ায় আইসিইউ, সিসিইউসহ কভিড ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সব রোগীর শয্যায় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ শুরু করা যাবে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ফলে সংকটাপন্ন করোনা রোগীদের রাজধানীতে নেয়ার তাগাদা কিছুটা কমবে।
ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিট থেকে প্রাপ্ত তথ্যমতে ৩০ শয্যার এ ইউনিটে দুই মাস ধরে প্রায় প্রতিদিনই চার গুণ রোগী ভর্তি থাকে। এ অবস্থায় বিশ্বব্যাংকের সহায়তায় ফেনী জেনারেল হাসপাতালে ছয় হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করে ইউনিসেফ।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন ভূঞা জানান, প্লান্টটি নিয়মিত চালু হওয়ায় হাসপাতালটিতে ২৫০ শয্যায় নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা দেয়া যাবে।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, লিকুইড অক্সিজেন প্লান্টটি চালু হওয়ায় করোনা আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপোর্ট দেয়া যাবে। এখন থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটের কোনো রোগীকে অক্সিজেন সাপোর্টের জন্য ঢাকা কিংবা চট্টগ্রামে দৌড়াদৌড়ি করতে হবে না।









