24893

জবাব না দিলে জনগণ তাদের মিথ্যাকেই সত্য বলে ধরে নেবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: অনিচ্ছা সত্ত্বেও বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের জবাব দিতে হয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জবাব না দিলে জনগণ তাদের মিথ্যাচারকেই সত্য বলে ধরে নেবে। শেখ হাসিনা সরকার দিনরাত জনকল্যাণে কাজ করছে, আর বিএনপি দেশ ও জাতির দুর্যোগকালে তাদের দায়িত্বশীলতা ভুলে গিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে।

শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকার তার সরকারী বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ads

আওয়ামী লীগ দোষারোপের রাজনীতিতে বিশ্বাসী নয় দাবি করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পাল্টাপাল্টি বক্তব্য দেয়ার মানসিকতাও আওয়ামী লীগ পোষণ করে না। এখন রাজনীতি হচ্ছে মানুষের সুরক্ষার পাশাপাশি অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু বিএনপি করোনাকালেও প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে।

নেতিবাচক রাজনীতির কারণে নির্বাচন ও আন্দোলনে বিএনপির ব্যর্থতা স্পষ্ট উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তাদের (বিএনপি) মেরুদন্ড ভেঙ্গে গেছে এবং সংগঠন হয়ে গেছে দুর্বল। তাই অনেকেই মনে করেন বিএনপি শেষ হয়ে গেছে। আওয়ামী লীগবিরোধী সব শক্তির অভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি এবং তারা স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও উন্নয়নবিরোধী সব অপশক্তির মোহনা। বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু আওয়ামী লীগবিরোধী বলয় হিসেবে তারা মোটেই দুর্বল নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশের রাজনীতিকে কলুষিত করতে এবং জনগণ ও দেশের সম্পদ ধ্বংস ও লুণ্ঠনে বিএনপি নেতৃত্বাধীন শক্তি এখনও সক্রিয়। যেকোন দুর্যোগ ও সঙ্কটে নিরাপদ দূরত্বে অবস্থান করে মিডিয়ায় ঝড় তোলাই বিএনপির স্বভাব। করোনাকালেও এর ব্যতিক্রম ঘটেনি।

ads

ওবায়দুল কাদের অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার যখন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছে, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে পাঁচ দফা প্রস্তাব দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে। এরপর বিএনপি একদিন বলতে শুরু করবে সরকার বিএনপির পাঁচ দফা প্রস্তাব মানলে পরিস্থিতির আরও উন্নতি ঘটত।

বিএনপির প্রস্তাব চর্বিতচর্বণ, যা সঙ্কট উত্তরণের জন্য নতুন কিছু নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব প্রস্তাবের অধিকাংশ ইতোমধ্যেই বাস্তবায়ন হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন আছে। সরকারকে পরামর্শ দিলেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের দায়িত্ব কী তা নিয়ে একটি কথাও বলেনি।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি দেশের এই সঙ্কটে মানুষের পাশে তো দাঁড়ায়ইনি, স্বাস্থ্যবিধি সম্পর্কে ন্যূনতম কোন সচেতনতামূলক ক্যাম্পেন করতেও দেখা যায়নি। বিএনপি লোক দেখানো প্রস্তাব দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে।

দুর্যোগ কিংবা সঙ্কটে জনগণ থেকে দূরে সরে উট পাখির মতো বালিতে মাথা গুঁজে রাখার নীতিই বিএনপির রাজনীতি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনাকালেও তারা সেই নীতি অনুসরণ করছে। অপরদিকে শেখ হাসিনা সরকার জনগণের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।

ad

পাঠকের মতামত