মেডিকেলে চান্স পাওয়া অটো চালকের যমজ ছেলেদের পাশে মন্ত্রী তাজুল ইসলাম
মাইনুল হক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামের অটো চালক বিল্লাল হোসেনের যমজ ছেলে সরকারি মেডিকেলে চান্স পাওয়া আরিফুল ইসলাম ও শরিফুল ইসলামকে লেখাপড়ার জন্য নগদ ১ লক্ষ টাকা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়াও অতীতের ন্যায় আরিফ ও শরীফের পড়ালেখা জন্য আর্থিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন মন্ত্রী তাজুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আরিফ ও শরীফের বাবা বিল্লাল মিয়ার হাতে মন্ত্রীর পক্ষে টাকা তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা পরিষদের সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আমির হোসেন, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামাল হোসেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, হাসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।
উল্লেখ্য, আরিফ ৮২২তম হয়ে ময়মনসিংহ মেডিকেলে ও শরিফ ১১৮৬তম হয়ে চট্রগ্রাম মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।










