শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি মনিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম।
বুধবার (১৩ জানুয়ারী) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।
বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ বিষয়ে সৈয়দ মনিরুল ইসলাম বলেন, পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি।
তিনি বলেন, আশা করছি শিবগঞ্জ পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি ও ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি।










