রাজধানীর দখল হওয়া খাল উদ্ধার হবে: তাজুল ইসলাম
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে দখল হওয়া সব খাল উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে দুই সিটি কর্পোরেশনের কাজ দ্রুত শুরু করা দরকার।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে ঢাকা ওয়াসা এবং দুই সিটি কর্পোরেশনের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে হলে নগরীর দখল হওয়া এবং হারিয়ে যাওয়া খালগুলোকে উদ্ধার করতে হবে। এরপর তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। যে সব জায়গায় খাল দখল হয়েছে সে সব খাল পুনরুদ্ধার করতে যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করা হবে।
তিনি বলেন, দুই সিটি কর্পোরেশনের মেয়ররা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। জনগণের কাছে তাদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা রয়েছে। তাই তাদের নাগরিক সুযোগ-সুবিধা অনুধাবন করে রাজধানীবাসীর দুঃখ কষ্ট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
খাল দখল করে রাস্তা না বানিয়ে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করার সুযোগ ছিল, কিন্তু তা করা হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, নগরীর সব খাল সংস্কার করে একটির সঙ্গে আরেকটির সংযোগ দিয়ে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা, দুই পাশে ওয়াকওয়ে ও সাইকেল লেন নির্মাণসহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে প্রকল্প তৈরি করা হচ্ছে।









