14772

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আসতে পারেন মোদি : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের। এর আগে ওবায়দুল কাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করেন।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের রাখি বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ। আলোচনার মাধ্যম আমাদের দুই দেশের মধ্যকার সীমান্ত সমস্যাসহ অমীমাংসিত সমস্যার সমাধান হয়েছে। তিস্তা নদীর পানি বন্টনসহ অন্য সমস্যাগুলোর সমাধানে আলোচনা অব্যাহত রয়েছে।’

ads

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে মুজিববর্ষের অনুষ্ঠানে আসতে পারেননি ভারতীয় প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বাংলাদেশ আসতে পারেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎকালে মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশনের তৈরি বঙ্গবন্ধুর সম্মানে বিশেষ সংস্করণের হাতঘড়ি উন্মোচন করা হয়। ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর।

ads

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সম্পর্কের আলোক শিখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ দেশরত্ন শেখ হাসিনা এবং শ্রী নরেন্দ্র মোদিতে এসেও দীপ্যমান। দুই দেশের প্রধানমন্ত্রীর গতিশীল এবং ভবিষ্যতমুখী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসুচির আওতায় কিছু প্রকল্প এরই মধ্যে শেষ হয়েছে। কিছু চলমান আছে। এসব প্রকল্প এগিয়ে নিতে আমাদের মধ্যে কথা হয়েছে। দুই দেশের সরকার পিপল-টু-পিপল কানেক্টিভিটি বাড়াতে আন্তরিক। আমরা আশা করছি, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন। এ ছাড়া ভারতীয় জনতার পার্টির (বিজেপি) একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। হাইকমিশনারের সঙ্গে এ বিষয়েও কথা হয়েছে।’

ad

পাঠকের মতামত