65929

সৌদি আরবে ‘বাংলাদেশ এসএমই শোকেস’ অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক: সৌদি আরবে ‘বাংলাদেশ এসএমই শোকেস: প্রিমিয়াম প্রোডাক্টস ফর সৌদি মার্কেট’ শীর্ষক সেমিনার ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ছবি: কালবেলা

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সম্ভাবনাময় পণ্য সৌদি বাজারে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ এসএমই শোকেস: প্রিমিয়াম প্রোডাক্টস ফর সৌদি মার্কেট’ শীর্ষক সেমিনার ও পণ্য প্রদর্শনী।

ads

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশের এসএমই খাতের সম্ভাবনা, পণ্যের মান নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধির কৌশল তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।

ads

সেমিনার উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় ও প্রিমিয়াম মানের এসএমই পণ্য প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশি পণ্য সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন দুই দেশের ঐতিহাসিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সৌদি আরবের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা ও সম্ভাবনা রয়েছে। এ ধরনের শোকেস দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে জেদ্দা চেম্বার অব কমার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বন্দর রেদা মানসম্মত পণ্য আমদানির ক্ষেত্রে জেদ্দা চেম্বারের আগ্রহের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য সৌদি বাজারে ব্যবসার সুযোগ সম্প্রসারণে চেম্বারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), এফবিসিসিআই এবং সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। পাশাপাশি বাংলাদেশের শীর্ষস্থানীয় এসএমই পণ্য প্রস্তুতকারক, রপ্তানিকারক ও উদ্যোক্তারাও এতে অংশ নেন। এ ছাড়া জেদ্দা চেম্বার অব কমার্স, সৌদি ফেডারেশন অব চেম্বার্স এবং সৌদি-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধিসহ সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সরাসরি সেমিনারে অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে বাংলাদেশের পাটজাত পণ্য, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, সিরামিক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের প্রিমিয়াম মানের পণ্য সৌদি বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরির বিষয়ে মতবিনিময় করা হয়। বক্তারা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণেও এ উদ্যোগ মাইলফলক হয়ে উঠতে পারে।

ad

পাঠকের মতামত