স্বামীকে শেষ বিদায় জানিয়ে ১২ ঘণ্টা পর কারাগারে দীপু মনি
নিউজ ডেস্ক: স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারের ফটকে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান।
জানা গেছে, বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কঠোর নিরাপত্তায় দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামীর দাফন সম্পন্ন হয়।
দাফন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। পরে সন্ধ্যা ৬টার দুই মিনিট আগে ভ্যানটি কারাগারে প্রবেশ করে।
এর আগে, দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ বুধবার দুপুরে মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়।
প্যারোলে মুক্তির পর দীপু মনি স্বামীর জানাজা ও দাফনে অংশ নেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রাখা হয়েছে।











