65388

মস্কোকে কখনোই দমাতে পারবে না কিয়েভ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের হামলায় রাশিয়ার নীতি বা অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কিয়েভ যত চেষ্টাই করুক না কেন, মস্কোকে দুর্বল বা টলাতে পারবে না।

বুধবার (৮ জুলাই) ক্রেমলিন থেকে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে পুতিন এসব কথা বলেন। তিনি দাবি করেন, ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।

ads

পুতিন বলেন, শত্রুরা মনে করছে জ্বালানি খাতে আঘাত হেনে রাশিয়াকে অস্থিতিশীল করা যাবে। কিন্তু রাশিয়ার জ্বালানি ব্যবস্থা বিশ্বের অন্যতম সহনশীল ব্যবস্থা। এসব হামলা দেশটির অর্থনীতি ধ্বংস করতে বা সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করতে পারবে না। তিনি আরও বলেন, ইউক্রেন যে লক্ষ্য নিয়ে হামলা চালাচ্ছে, তা কখনোই পূরণ হবে না।

এদিকে যুদ্ধক্ষেত্রেও রুশ বাহিনী নিজেদের অগ্রগতি অব্যাহত রেখেছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এ দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ads

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কারণে ইউক্রেন যুদ্ধ কিছুটা আড়ালে থাকলেও, রণক্ষেত্রে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হচ্ছে। মস্কোর দাবি, ক্রিমিয়ায় যাওয়ার পথে ইউক্রেনীয় বাহিনীর হামলায় গত সপ্তাহে ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৭০ জন আহত হয়েছেন। রাশিয়া এসব হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে।

এদিকে ইউক্রেনকে শক্তিশালী করতে নতুন প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির প্রযুক্তি ও লাইসেন্স দিতে পারে। এতে দেশটি দ্রুত এই প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন শুরু করতে পারবে।

প্যাট্রিয়ট বিশ্বের অন্যতম উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। তবে এর উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। একটি পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট ব্যাটারির মূল্য প্রায় ১০০ কোটি ডলার এবং যুক্তরাষ্ট্র বছরে সীমিত সংখ্যক এই ক্ষেপণাস্ত্র তৈরি করে।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছে এই প্রযুক্তি তৈরির লাইসেন্স চেয়েছিল। ট্রাম্পের নতুন প্রস্তাবকে সেই আবেদনের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

ad

পাঠকের মতামত