রাশিয়ার ওপর চাপ বাড়াতে জি-৭-এর নতুন নিষেধাজ্ঞা পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ-তে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত চলা এই সম্মেলনের যৌথ বিবৃতিতে ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
জি৭ নেতারা রাশিয়ার যুদ্ধ অর্থায়নে সহায়তাকারী দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন। পাশাপাশি রুশ সম্পদ থেকে অর্জিত রাজস্ব ব্যবহারের মাধ্যমে ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি আবারও নিশ্চিত করা হয়।
মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য জি৭ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই যৌথ বিবৃতি আসে। বৈঠকটি যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে নতুন আশার ইঙ্গিত দেয় বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এবং বর্তমান যুদ্ধরেখাকে আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনার কথা বলা হয়।
সম্মেলনে বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। পশ্চিমা দেশগুলো চীনের ওপর নির্ভরতা কমাতে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেয়, বিশেষ করে বিরল মৃত্তিকা খনিজের ক্ষেত্রে সরবরাহ সংকটের অভিজ্ঞতার পর।
এছাড়া জি৭ নেতারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাথমিক শান্তি উদ্যোগকে স্বাগত জানান এবং এর বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। হরমুজ প্রণালী নির্ভরতা কমানো এবং জ্বালানি সরবরাহ বৈচিত্র্য আনার বিষয়েও তারা একমত হন।
আরও পড়ুন: ইরানের সাথে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র
প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও আলোচনা হয়, যেখানে এআই বট ও এজেন্টের দায়বদ্ধতা এবং তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।









