65177

অবশেষে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপের কাজ প্রায় ৯৯ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে দুই দেশের আলোচকরা যুক্তরাষ্ট্রে হওয়া শুল্ক সংক্রান্ত আইনি পরিবর্তনকে চূড়ান্ত খসড়ায় যুক্ত করার বিষয়টি খতিয়ে দেখছেন। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এমন তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে তিনদিনের বৈঠক শুরু হয়েছে। এতে মার্কিন দলের নেতৃত্বে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। এই আলোচনার মাধ্যমে উভয়পক্ষই চুক্তির বিষয়টি দ্রুত চূড়ান্ত করতে চাইছে।

ads

সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পীযূষ গোয়েল বলেন, দুই দেশের মধ্যকার প্রায় ৯৯ শতাংশ সমস্যার সমাধান হয়ে গেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে সম্প্রতি হওয়া আইনি পরিবর্তনগুলো চূড়ান্ত চুক্তির খসড়ায় কীভাবে যুক্ত করা যায়, তা এখন দুই দেশের আলোচকরা খতিয়ে দেখছেন।

গত ফেব্রুয়ারিতে দুই দেশ বাণিজ্য চুক্তির বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। তবে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেন। এরপর বাণিজ্য চুক্তির আলোচনায় ভাটা পড়ে। আদালতের ওই আদেশের পর ট্রাম্প প্রশাসন ভারতসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে ‘অন্যায্য বাণিজ্য নীতি’র তদন্ত শুরুর পাশাপাশি ঢালাওভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করে।

ads

পীযূষ গোয়েল বলেন, ‘আমি পুরোপুরি আত্মবিশ্বাসী। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত এবং স্বাক্ষর করতে পারব।’ তিনি আরও বলেন, এই চুক্তি স্বাক্ষর হওয়ার পর আরও বড় ও বিস্তৃত একটি চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে।

চুক্তির বর্তমান অবস্থা সম্পর্কে ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখন কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সহজ কথায় বলতে গেলে কমা ও দাঁড়ি মেলানোর কাজ চলছে।’ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর সম্প্রতি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিটি স্বাক্ষর হতে পারে।

ওয়াশিংটন ও দিল্লি ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ভারতের দাবি, এই চুক্তির ফলে তাদের দুগ্ধ ও কৃষি খাত সুরক্ষিত থাকবে। একই সঙ্গে ভারতীয় রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রের দুয়ার উন্মোচিত হবে।

ad

পাঠকের মতামত