64773

আইনশৃঙ্খলার অবনতিতে নাগরিক অধিকার ফোরামের গভীর উদ্বেগ

নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীসহ জেলার সর্বত্র খুন, চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক অধিকার ফোরাম, কুমিল্লা।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাতে সংগঠনের কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. অধ্যাপক মো. আবদুল লতিফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

ads

সভায় উপস্থিত ছিলেন জামিল আহমেদ খন্দকার, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, অধ্যক্ষ মহি উদ্দিন লিটন, অধ্যক্ষ নার্গিস আক্তার, সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, সুমনা আক্তার স্মৃতি এবং মীর মোহাম্মদ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, কুমিল্লা জেলা সদরসহ পুরো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে, যা সাধারণ নাগরিকদের জন্য চরম উদ্বেগজনক। সাম্প্রতিক কাস্টমস কর্মকর্তা বৈরাগী হত্যাকাণ্ড এই পরিস্থিতির একটি নৃশংস উদাহরণ। এছাড়া কুমিল্লা নগরীতে চুরি ও ছিনতাই যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে, ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ads

নাগরিক অধিকার ফোরাম কুমিল্লা অবিলম্বে কিশোর গ্যাংসহ সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কুমিল্লার পুলিশ সুপারের প্রতি জোর দাবি ও আহ্বান জানিয়েছে।

ad

পাঠকের মতামত