জার্মানিতে ১০ রোগী হত্যায় দোষী সাব্যস্ত নার্স
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে ১০ জন রোগী হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক সাবেক নার্সের সঙ্গে আরও শতাধিক মৃত্যুর যোগসূত্র থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ সরকারি কৌঁসুলি। আখেনের প্রধান পাবলিক প্রসিকিউটর কাটজা শ্লেঙ্কারমান-পিটস বলেন, বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক সন্দেহজনক মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে। তবে এগুলো প্রাথমিক সন্দেহ হওয়ায় ফরেনসিক পরীক্ষার পর কিছু মামলা বাতিলও হতে পারে বলে সতর্ক করেন তিনি।
গত বছরের নভেম্বর মাসে আখেনের একটি আঞ্চলিক আদালত নাম প্রকাশ না করা ওই সাবেক প্যালিয়েটিভ কেয়ার নার্সকে ১০টি হত্যাকাণ্ড ও ২৭টি হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালতের রায়ে বলা হয়, ভুরসেলেন শহরের একটি হাসপাতালে রাতের শিফটে দায়িত্ব পালনকালে তিনি গুরুতর অসুস্থ রোগীদের কোনো চিকিৎসাগত প্রয়োজন ছাড়াই অতিরিক্ত মাত্রায় সেডেটিভ ও ব্যথানাশক ওষুধ প্রয়োগ করতেন।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, অনেক ক্ষেত্রে এসব ওষুধ একাধিকবার দেওয়া হয়েছিল এবং আসামি জানতেন যে এগুলো প্রাণঘাতী হতে পারে। বিচারকদের মতে, নিজের অস্বস্তি দূর করা ও পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা থেকেই তিনি এসব কাজ করেন। যদিও বিচারে আসামি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রোগীদের ঘুমাতে সাহায্য করাই তাঁর উদ্দেশ্য ছিল।
প্রাথমিক বিচারে আলোচিত ঘটনাগুলো ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে মাসের মধ্যে রাইন-মাস হাসপাতাল, ভুরসেলেনে সংঘটিত হয়। নতুন করে চিহ্নিত সন্দেহজনক ঘটনাগুলো আরও আগের সময়ের সঙ্গে সম্পর্কিত। বর্ধিত তদন্তের অংশ হিসেবে প্রায় ৬০টি লাশ উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে ২৭টি সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়াধীন।
আখেন ও কোলোনের প্রসিকিউটররা জানান, সম্ভাব্য নতুন অভিযোগের প্রস্তুতি চলছে। তবে নতুন কোনো বিচারিক কার্যক্রম ২০২৭ সালের আগে শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এই মামলাটি জার্মানির আরেক সাবেক নার্স নিলস হ্যোগেলের ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে, যিনি ২০১৯ সালে ৮৫ জন রোগী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।
সূত্র: বিবিসি









