62999

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি: রিয়াদে চলছে স্বাস্থ্য পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ৯০ বছর বয়সী বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদকে রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রাজকীয় আদালতের বরাত দিয়ে জানিয়েছে যে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এই প্রবীণ শাসককে হাসপাতালে নেওয়া হয়েছে। রয়্যাল কোর্টের বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৯০ বছর বয়সী বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ উল্লেখ্য যে, হাসপাতালে ভর্তির মাত্র কয়েক দিন আগে গত মঙ্গলবারও তিনি মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন।

ads

২০২৪ সালেও ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসা নিতে হয়েছিল সৌদি আরবের এই সপ্তম শাসককে। তবে এবারের পরীক্ষার বিষয়ে বিশদ কোনো তথ্য রাজকীয় আদালত প্রকাশ করেনি। ১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করা বাদশাহ সালমান তাঁর কর্মজীবনের দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতা ও বিশ্বস্ততার সঙ্গে পরিচালনা করেছেন। তিনি ১৯৫৪ সালে রিয়াদের ভারপ্রাপ্ত গভর্নর এবং ১৯৬৩ সালে পূর্ণাঙ্গ গভর্নর হিসেবে নিযুক্ত হয়ে কয়েক দশক সেই দায়িত্ব পালন করেন।

প্রয়াত বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করা সালমান কয়েক দশক ধরে পূর্ববর্তী বাদশাহদেরও ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। রিয়াদের প্রিন্সেস স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণকালীন তিনি পবিত্র কুরআন হিফজ করেছিলেন এবং পরবর্তীতে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে নিজেকে সুদক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তোলেন।

ads
ad

পাঠকের মতামত