ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসব
নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে কুমিল্লার বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পিঠা উৎসব। শীত মৌসুমকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা। শুধু মুখরোচক খাবার হিসেবেই নয়, বরং গ্রামীণ সংস্কৃতি ও নারী সমাজের শিল্পনৈপুণ্যের প্রতীক হিসেবেও পিঠার গুরুত্ব অপরিসীম। শীত এলেই পিঠা-পুলি, পায়েস, নাড়ুর মতো ঐতিহ্যবাহী খাবার বাঙালির জীবনে বিশেষ আবহ তৈরি করে। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে শীতের পিঠা-পুলিসহ দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়ে মোট ৮টি স্টল বসানো হয়। বাহারি পিঠার উপস্থাপনা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। উৎসবের উদ্বোধন করেন বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সেলিম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খাজা মঈনুদ্দিন এবং একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রোমেন। এছাড়াও উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান হানিফ, বাতেন সরকার, ছবির আহমেদ মেম্বার, আদিলুর রহমান, আনিছুর রহমান, হুমায়ূন কবির সরকার এবং বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোঃ কামাল পারভেজ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ গোলাম কিবরিয়া।
সব মিলিয়ে পিঠা উৎসবকে ঘিরে স্কুল প্রাঙ্গণ ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে ছিল আনন্দ ও ঐতিহ্যের মিলনমেলা।










