মাচাদোর সঙ্গে ট্রাম্পের বৈঠক আগামী সপ্তাহে
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন।
মাচাদোর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক সাড়া দিয়ে বলেন, তিনি আগামী সপ্তাহের কোনো একদিন মাচাদোকে হোয়াইট হাউসে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন। তবে এই সফরের সুনির্দিষ্ট সূচি বা আলোচ্যসূচি সম্পর্কে হোয়াইট হাউসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত ৩ ডিসেম্বর ‘অপারেশন অ্যাবস্যালুট ডিজল্ভ’ নামক এক নাটকীয় সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।
বর্তমানে নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি থাকা মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও অবৈধ অস্ত্র পাচারের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলায় যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে মাচাদোর ভূমিকা কী হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল রয়েছে।
মাচাদো আন্তর্জাতিকভাবে সমাদৃত ও নোবেলজয়ী হলেও ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে তার নেতৃত্ব নিয়ে ট্রাম্পের কিছু পর্যবেক্ষণ রয়েছে। এর আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, মাচাদোর জন্য ভেনেজুয়েলার সরকারপ্রধান হওয়া বেশ কঠিন হতে পারে, কারণ দেশ পরিচালনায় যে ধরনের গণসমর্থন ও সম্মান প্রয়োজন, তা হয়তো তার নেই।
ট্রাম্প তাকে ‘চমৎকার একজন মহিলা’ হিসেবে অভিহিত করলেও তার নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এই প্রেক্ষাপটে আগামী সপ্তাহের বৈঠকটি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার গঠন বা ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভেনেজুয়েলায় মার্কিন ডেল্টা ফোর্সের সেই অভিযানের পর থেকে লাতিন আমেরিকার রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। ওই অভিযানে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আইনি ও নৈতিক প্রশ্ন উঠলেও ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছে।
এখন মাচাদোর সঙ্গে ট্রাম্পের এই সরাসরি বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে, ওয়াশিংটন ভেনেজুয়েলায় একটি নতুন রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে মাচাদোকে একটি অন্যতম পক্ষ হিসেবে বিবেচনা করছে। তবে মাচাদো শেষ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রে আসতে পারবেন কি না, তা নির্ভর করছে এই বৈঠকের ফলাফল এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর।
সূত্র: এএফপি









