সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘পরম্পরায়’ এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জমকালো আয়োজন
নিউজ ডেস্ক: সাংস্কৃতিক প্রতিষ্ঠান “পরম্পরায়” এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট, কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক, পরম্পরায়-এর পরিচালক কাজী মাহতাব সুমন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ও সাবেক ডিন অধ্যাপক ড. এম এম শরিফুল করীম, বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও গবেষক ড. আবুল বাসার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী এবং নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পরম্পরায়-এর স্লোগান উচ্চারণ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর পর্যায়ক্রমে সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষার্থীকে পরম্পরায়-এর সুদৃশ্য টেরাকোটা মেডেল প্রদান করা হয়। এছাড়াও ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
পুরস্কার বিতরণ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন আবৃত্তি সংসদ কুমিল্লা-এর সভাপতি সুমনা সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ এবং আমিন তানভীর।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয় পরম্পরায়-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাধ্যা দত্ত-কে।
পরিশেষে পরম্পরায়-এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরম্পরায়-এর শিক্ষার্থী নবনীতা নৃত্তিকা দাস, বর্ণালী রায়, ফারহিনা এমরান, প্রত্যাশা ভৌমিক, আদ্রিতা ভৌমিক ও তালহা জোবায়ের।

এদিন পরম্পরায়-এর ২০২৫ বর্ষের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৭১ জন শিক্ষার্থী এবং অনলাইন ক্লাসে দেশের বিভিন্ন প্রান্তের আরও ৩৭ জন শিক্ষার্থীকে সমাপনী সনদপত্র প্রদান করা হয়।










