চীন-সৌদি আরব সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐকমত্য
আন্তর্জাতিক ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও উচ্চ স্তরে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করলো চীন-সৌদি আরব। সম্প্রতি চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের পাঁচ দিনের সৌদি আরব সফরে এমন অঙ্গীকার করে দুই দেশ।
সফরকালে হান চেং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে বক্তব্য রাখেন।
ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট হান চেং বলেন, ৩৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং বিশেষ করে ২০২২ সালে প্রেসিডেন্ট সি’র সফরের পর চীন-সৌদি আরব সম্পর্ক নতুন ও ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। উভয় দেশের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, উচ্চ-পর্যায়ের বিনিময় বৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়াতে প্রস্তুত চীন।
এসময় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চীনকে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বৃহৎ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, সৌদি আরব ও চীনের মধ্যে ঐতিহাসিক সর্বোচ্চ স্তরের শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি নিশ্চিত করেন সৌদি আরব দৃঢ়ভাবে এক-চীন নীতিতে অটল।
তিনি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি এবং খনি সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা গভীর করার আগ্রহ প্রকাশ করেন।
ক্রাউন প্রিন্স সৌদি আরব ও ইরানের মধ্যে পুনর্মিলন প্রক্রিয়া সহজতর করাসহ ফিলিস্তিন ইস্যুতে চীনের ন্যায্য অবস্থানের জন্য বেইজিংয়ের ভূয়সী প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনকে বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানান।









