পুতিনের সঙ্গে ট্রাম্পের সমঝোতা হয়ে গেছে
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সমঝোতা হয়েছে। গত মাসে আলাস্কায় তাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে শনিবার বক্তব্য রাখেন পুতিন। সেখানে তিনি আবারও ইউক্রেন আক্রমণের পক্ষে সাফাই গেয়ে পশ্চিমাদের দায়ী করেন।
তার দাবি, ইউক্রেনে রাশিয়ার হামলা নয়, বরং পশ্চিমা সমর্থিত অভ্যুত্থানই এই সংকটের সূচনা করেছে।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, পুতিন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে মস্কো এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
চীন ও ভারতের নেতাদের ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, তারা ইউক্রেন সংকট সমাধানে সহায়তার চেষ্টা করছেন।
পশ্চিমা সমালোচনা সত্ত্বেও এই দুই দেশই বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা।










