৩৬০টি টাই পরে বিশ্বরেকর্ড গড়লেন কানাডিয়ান নারী
আন্তর্জাতিক ডেস্ক: রাজনীতি থেকে অবসরের মুহূর্তে এক অভিনব উপায়ে বিশ্বরেকর্ড গড়লেন কানাডার একজন নারী রাজনীতিক। এক এক করে ৩৬০টি নেকটাই গলায় পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন মারওয়া রিজকি নামের ওই রাজনীতিবিদ।
গত নভেম্বরে কানাডার জনপ্রিয় টিভি শো ‘ইনফোম্যান’-এর একটি পর্বে তিনি এই চমকপ্রদ ঘটনাটি ঘটান।
মারওয়া রিজকি কুইবেকের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তিনি পরিবার ও সন্তানদের আরও বেশি সময় দেওয়ার জন্য চলতি বছর রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে স্মরণীয় করে রাখতেই কুইবেকের ওই টিভি শো তাকে বিশ্বরেকর্ড গড়ার জন্য আমন্ত্রণ জানায়।
এই রেকর্ডের জন্য মারওয়াকে ব্রাজিলের ডেভিড অ্যাপারেসিডো ডস সান্তোস আরাউজোর গড়া ৩৩০টি টাই পরার রেকর্ডটি ভাঙতে হতো। চ্যালেঞ্জটি গ্রহণ করে মারওয়া বলেন, “আমি একবারে সবচেয়ে বেশি নেকটাই পরার রেকর্ড ভাঙার চ্যালেঞ্জটি গ্রহণ করেছি এটা দেখানোর জন্য যে, নারীরাও পুরুষের সমান এবং নারীরাও অনেক টাই পরতে পারে।”
রেকর্ড গড়ার এই প্রচেষ্টায় তাকে সাহায্য করার জন্য প্রতিটি টাই আগে থেকেই গিঁট দিয়ে প্রস্তুত রাখা হয়েছিল। অনুষ্ঠানের দিন টিভি উপস্থাপক জ্যঁ-রেনে ডুফোর্ট এক এক করে টাইগুলো মারওয়ার গলায় পরিয়ে দেন। পুরো প্রক্রিয়ায় টাইগুলো গণনা করেন একজন হিসাবরক্ষক এবং মন্ট্রিয়ল পুলিশ প্রধান ফাদি দাঘের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে শত শত টাইয়ের স্তূপে মারওয়াকে চেনাই যাচ্ছিল না।
তথ্যসূত্র গিনেস ওয়াল্ড রেকর্ড









