আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিল মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ভিসা বা বসবাসের অনুমতি পাওয়া অভিবাসীরা আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের আইন ভঙ্গ করলে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না— এমন কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
তিনি স্পষ্ট করে বলেছেন, আইন ভঙ্গকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভিসার ধরন যাই হোক— শিক্ষার্থী, বিনিয়োগকারী, দীর্ঘমেয়াদি ভ্রমণকারীর পাশ অথবা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (MM2H) কর্মসূচির অনুমতি— কোনোটিই আইনের বাইরে যাওয়ার ঢাল হতে পারে না।
তিনি বলেন, মালয়েশিয়ার মানুষের নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের অবস্থান আপসহীন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন ভঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ পাস বাতিল, কালো তালিকাভুক্তি ও নির্বাসনের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকে। এসব পদক্ষেপ কার্যকর হয় ব্যক্তির পটভূমি, মর্যাদা বা জাতীয়তার ভিত্তিতে।
এ সময় রয়্যাল মালয়েশিয়া পুলিশের কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, পুলিশ বাহিনী সবসময় নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এবং যে কোনো অভিযোগকে গুরুত্বসহকারে তদন্ত করে থাকে।
সাম্প্রতিক সময়ে বিদেশিদের জড়িত কিছু ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি ঘটনা বিদ্যমান আইনের আওতায় যথাযথভাবে নিষ্পত্তি করা হবে। গুজব বা অতিরঞ্জিত ব্যাখ্যা দিয়ে আতঙ্ক সৃষ্টির কোনো প্রয়োজন নেই।
বিদেশি শ্রমবাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া কেবল ১৫টি দেশ থেকে নিম্নদক্ষ শ্রমিক নিয়োগের অনুমতি দেয়, চীন তাদের মধ্যে নেই।
একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত চীনা প্রবাসীর সংখ্যা ছিল ৩০ হাজার ৬৭৯ জন। তাদের বেশিরভাগই কর্মরত নির্মাণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও সেবা খাতে; যা মূলত বড় প্রকল্প ও বিশেষ কারিগরি দক্ষতার সঙ্গে সম্পর্কিত।










