59516

শুক্রবার মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপের শীর্ষ তিন লিগ

স্পোর্টস ডেস্ক: শুক্রবার (১৫ আগস্ট) শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ তিন লিগ। প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ আঁর নতুন মৌসুম। পুরনো ক্লাবগুলোর দাপটের সঙ্গে নতুনদের ফিরে আসার চেষ্টায় জমজমাট লড়াইয়ের আভাস এবারও। জার্মান বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরিআ শুরু হবে আগামী সপ্তাহে।

ফুটবল শুধু শিল্প বা বিনোদন নয়, পুরোপুরি ব্যবসা। ইউরোপিয়ান ফুটবল তারই ফুল প্যাকেজ। দশ মাস বিশ্ব মেতে থাকে, সেরা তারকাদের, এক মহাদেশীয় ফুটবল আনন্দে। উয়েফার সদস্য ৫৫ দেশ থাকলেও সবার আগ্রহ শীর্ষ পাঁচ লিগে।

ads

শুক্রবার (১৫ আগস্ট) যার শুরুটা হচ্ছে ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সে। প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুল খেলবে বোর্নমাউথের বিপক্ষে। লা লিগায় জিরোনা-রায়ো ভায়োকানো উদ্বোধনী ম্যাচ। আর লিগ আঁ তে মার্শেই-রেঁনে খেলবে প্রথম ম্যাচ। ২২ আগস্ট জার্মানিতে বুন্দেসলিগা আর পরদিন ইতালিতে সিরি আ’র যাত্রা শুরু।

ইংল্যান্ডে লিভারপুল, স্পেনে বার্সেলোনা, জার্মানিতে বায়ার্ন মিউনিখ, ইতালিতে নাপোলি আর ফ্রান্সে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে চেষ্টার কমতি নেই ক্লাবগুলোর। শুধু এই পাঁচ ক্লাব নয়, পুরো ইউরোপ জুড়ে বিলিয়ন ডলারের লেনদেন হয়েছে ফুটবলার কেনা-বেচায়।

ads

ইপিএল-এ তিন প্রমোটেড ক্লাব লিডস ইউনাইটেড, বার্নলি আর সান্ডারল্যান্ড। ইংল্যান্ডের ক্লাব ফুটবলে একাদশের সবাই হতে পারবেন বিদেশি। তবে স্কোয়াডে সর্বোচ্চ ১৭ জন।

লা লিগাতেও একাদশে বিদেশি ফুটবলার যত খুশি তত। তবে ইউরোপের বাইরে হলে তা তিনের বেশি নয়। স্কোয়াডে যে সংখ্যাটা সর্বোচ্চ ৫ জন। স্পেনের শীর্ষে লিগে ২৫ বছর পর ফিরেছে ওভিয়েদো। লেভান্তে, এলচের অভিজ্ঞতা আগেই আছে।

লিগ আঁয় শ্রেষ্ঠত্বের লড়াইটা ১৮ দলের। সেখানে নতুন তিন লরিঁয়ে, প্যারিস এফসি ও মেৎজ। ফরাসি লিগ একাদশে ইউরোপিয়ান ফুটবলার যত খুশি তত হলেও, ইউরোপের বাইরের মাত্র চারজন।

লিগ আঁর সমান ১৮ ক্লাব বুন্দেসলিগাতেও। সেখান নতুন দু’দল কোলন ও হামবুর্গ। জার্মান লিগে অবশ্য একাদশ অথবা স্কোয়াডে বিদেশির সীমাবদ্ধতা নেই।

সবশেষ ইতালিয়ান লিগ। একাদশে বিদেশি ফুটবলার খেলানো নির্দিষ্ট না হলেও, স্কোয়াডে সর্বোচ্চ ১৭ জন।

মৌসুম শুরুর আগে ইএসপিএন এক্সপার্টদের জরিপে ইংল্যান্ডে লিভারপুল, স্পেনে রিয়াল মাদ্রিদ আর ইতালিতে নাপোলির শিরোপা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে জার্মানিতে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নশিপ নিয়ে কারও কোনো সন্দেহ নেই।

ad

পাঠকের মতামত