58944

জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট’র সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সাথে সাক্ষাৎ করেছেন। দুই দেশের উভয় পক্ষের জন্য লাভজনক একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে শুল্ক আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইশিবা।

বেসেন্ট পশ্চিম জাপানের ওসাকাতে আয়োজিত ২০২৫ ওয়ার্ল্ড এক্সপোতে যোগ দেয়ার জন্য জাপান সফর করছেন।

ads

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইশিবা তাকে স্বাগত জানান। তাদের আলোচনা ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলে। আলোচনা শুরুর আগে তারা ছবি তোলেন।

অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী আকাযাওয়া রিয়োসেই এই বৈঠকে যোগ দেন। তিনি মার্কিন শুল্ক বিষয়ে জাপানের শীর্ষ আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ads

ইশিবা এবং বেসেন্ট নিশ্চিত করেন যে, দুই দেশ অর্থনীতি, নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে।

বৈঠকের পর, ইশিবা সাংবাদিকদের বলেন যে, তিনি বেসেন্টকে আকাযাওয়ার সাথে উদ্যমীভাবে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে উভয় পক্ষের জন্য লাভজনক একটি চুক্তিতে পৌঁছানো যায়।

ইশিবা বলেন, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ বা অন্য কোনও ধরণের যোগাযোগের জন্য কোনও তারিখ নির্ধারণ করা হয়নি, তিনি বিশ্বাস করেন যে অবশ্যই তার জন্য প্রেসিডেন্টের সাথে সরাসরি কথা বলার সুযোগ থাকবে, কারণ জাপানের জাতীয় স্বার্থ এখানে ঝুঁকিতে রয়েছে।

ট্রাম্প ইশিবাকে জানিয়েছেন যে, তিনি ১লা আগস্ট থেকে জাপানি আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন।

জাপান সরকার বিভিন্ন স্তরে যোগাযোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করছে।

তবে সরকারি সূত্রসমূহের ভাষ্যমতে, বেসেন্ট তার সফরকালে জাপানের সাথে মন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নেবেন না, কারণ তিনি এই সফরে এসেছেন ওয়ার্ল্ড এক্সপোতে মার্কিন প্রতিনিধি দলের অংশ হিসেবে।

সূত্রসমূহ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে জাপানের বাণিজ্য ঘাটতি কমাতে ব্যাপক বিনিয়োগ এবং আরও বেশি মার্কিন পণ্য আমদানির বিষয়ে টোকিওর দেয়া প্রস্তাব এখন ওয়াশিংটন পর্যালোচনা করছে।

আলোচনার অগ্রগতির জন্য জাপান সরকার শীঘ্রই আকাযাওয়াকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর কথা বিবেচনা করছে বলে জানা গেছে।

ad

পাঠকের মতামত