সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। শনিবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ইউনাইটেড হসপিটাল লিমিটেডের জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. মো. ফজলেরাব্বী খান বলেন, সকাল ১০টার দিকে তাকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মৃত্যুবরণ করেছেন। আমরা তাকে ব্রট ডেড অবস্থায় পেয়েছি।”
বর্তমানে তার মরদেহ হাসপাতালেই রাখা আছে। পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী একমাত্র মেয়ে দেশে ফিরলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।
এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই সময় একাধিক রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি নির্বাচন কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
তার নেতৃত্বেই ২০০৮ সালের বিতর্কিত পরিস্থিতির মধ্যেও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়।
তার মৃত্যুতে রাজনৈতিক, প্রশাসনিক ও নির্বাচন সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। শিগগিরই জাতীয়ভাবে তার কর্মজীবন স্মরণে শোকবার্তা ও শ্রদ্ধা জানানো হতে পারে।










