গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান স্পেনের
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। একইসঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের তাগিদও দিয়েছেন তিনি। বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
বার্তা সংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন। এসময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার বিষয়ে আলোচনা করেন তিনি। আল-সিসি এবং বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোনালাপে সানচেজ গাজায় যুদ্ধবিরতি চুক্তি অবিলম্বে পুনর্বহালের পাশাপাশি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লিখেছেন, ‘ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির এই মর্মান্তিক বিপর্যয় বন্ধ করতে হবে আমাদের।’










