56869

টিকটক বিক্রিতে আলোচনা চলছে ৪ ক্রেতার সঙ্গে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: টিকটকের মার্কিন ব্যবসা বিক্রির জন্য চারজন ক্রেতার সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটির জন্য ‘শিগগিরই’ আসতে পারে কোনো চুক্তির খবর।

রোববার প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “টিকটক বিক্রির বিষয়ে আমরা চারটি ভিন্ন দলের সঙ্গে আলোচনা করছি এবং অনেক মানুষ এটি কিনতে চায়।”

ads

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, প্রতিযোগীদের নাম নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প। এমনকি কার কাছে অ্যাপটি বিক্রি করবেন সে বিষয়টিও বলেননি তিনি। ট্রাম্প কেবল বলেছেন, “চারজনই ভাল ক্রেতা”।

ট্রাম্প ও তার পূর্বসূরি জো বাইডেন উভয়ই কয়েক বছর ধরে জাতীয় নিরাপত্তাকে কারণ দেখিয়ে টিকটকের চীনা মূল কোম্পানি বাইটড্যান্সকে তাদের যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রির জন্য বাধ্য করার চেষ্টা করে আসছেন।

ads

জানুয়ারিতে অ্যাপটির ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিতে এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ফলে একদিন বন্ধ থাকার পর টিকটক আবার চালু হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে অ্যাপটি ব্যবহার করেন ১৭ কোটি ব্যবহারকারী।

নিষেধাজ্ঞা থেকে টিকটককে ৭৫ দিনের জন্য ছাড় দিলেও ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি বাইটড্যান্সকে তাদের অ্যাপ বিক্রির জন্য চাপ দিতে শুরু করেন। অ্যাপটি বিক্রির জন্য ৫ এপ্রিল পর্যন্ত সময় পাবে কোম্পানিটি।

ব্লুমবার্গ লিখেছে, এখনও পর্যন্ত টিকটকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটিতে টিকটকের বার্ষিক বাজারমূল্য আনুমানিক ছিল প্রায় পাঁচ হাজার কোটি ডলার।

এদিকে, মার্কিন কার্যক্রম বিক্রির বিষয়ে কোনও আগ্রহ প্রকাশ করেনি বেইজিংভিত্তিক টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স।

ডিসেম্বরে ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন ‘মার এ লাগো’তে তার সঙ্গে দেখা করেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী শো চিউ। এ বছরের শুরুতে প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন টিকটক প্রধান।

যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে মার্কিন আইন প্রণেতাদের মধ্যে অ্যাপটি নিয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ দূর করার চেষ্টা করে যাচ্ছে টিকটক।

ad

পাঠকের মতামত