56851

কুমিল্লায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেড়েছে চুরি-ডাকাতি ও নারী নির্যাতন

নিউজ ডেস্ক: কুমিল্লায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বেড়েছে চুরি-ডাকাতি ও নারী নির্যাতনের ঘটনা। এছাড়াও বেড়েছে মাদক চোরাচালান ও অপব্যবহারের ঘটনাসহ খুন ও নারী শিশু নির্যাতনের ঘটনা। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

রবিবার (৯ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ads

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে হওয়া এ সভায় জানানো হয়, গত জানুয়ারি মাসে কুমিল্লা জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে ১টি, গতমাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এ ধরনের ঘটনা ঘটেছে ৪টি। জানুয়ারি মাসের তুলনায় গতমাসে এ ধরনের ঘটনা বেড়েছে ৩টি।

এছাড়া, জানুয়ারি মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৮টি, গতমাসে এ ধরনের ঘটনা ঘটেছে ২৫টি। জানুয়ারি মাসের তুলনায় গতমাসে এ ধরনের ঘটনা বেড়েছে ৭টি। এছাড়া, গতমাসের তুলনায় খুন বেড়েছে ৫টি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে ২টি৷

ads

জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি৷ বিশেষ করে কুমিল্লায় মহাসড়কে প্রবাসীদের গাড়ি ডাকাতির ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কুমিল্লা জেলা পুলিশের ১০টি টিম রাতে মহাসড়কে কাজ করছে। বিদেশ ফেরত প্রবাসীদের গাড়ি আমরা এক জায়গায় জড়ো করে আমরা গার্ড দিয়ে তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছি।

তিনি আরো বলেন, আর যারা ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে, তাদেরকে আমরা ছাড় দিবো না। আমরা সাথে সাথেই এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি। আর কিছু কিছু বিষয়ে পুলিশের পাশাপাশি মানুষকেও সচেতন থাকতে হবে।

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেছেন, আমরা মাদক ও চোরাচালানরোধে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করবো। এছাড়াও, আমরা প্রতিনিয়ত আইন প্রয়োগ করছি। কিন্তু, আইন মানার হার অনেক কম। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানাচ্ছি।

এসময়, সভায় জেলার বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত