সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত সেনাপ্রধান
নিউজ ডেস্ক: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে সেনাবাহিনী প্রধানকে জানানো হয়। এসময় তিনি তাদেরকে কিছু দিকনির্দেশনা দেন।
সেনাবাহিনীর প্রধান স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব দ্য সেক্রেটারি জেনারেল (এসআরএসজি) ভ্যালেন্টাইন রুগওয়াবিজা এবং ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নিওনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সেসের (এফএসিএ) প্রধান জেনারেল মামাদৌ জেফিরিনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
এরপর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট এবং সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনের অধীনে বেসামরিক লোকদের সহায়তার অংশ হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তৈরি তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।
এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট।
এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। সেনাপ্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
গত ৩ মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।










