কুমিল্লায় র্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লায় ৪৮ কেজি গাঁজাসহ ইফতেখার ইসলাম জিসান (১৯) নামে মাদক কারবারে আটক করেছে র্যাবের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষীপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। জিসান (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শোভানগর গ্রামের আঃ মান্নান এর ছেলে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
ক্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।










