55843

ফের কিমের সঙ্গে নতুন করে সংলাপ করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নবনর্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নতুন করে সংলাপ শুরু করতে পারেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ। সিউলভিত্তিক এই সংবাদ সংস্থাটি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইয়োনহাপের খবরে বলা হয়েছে, ট্রাম্প উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ওপর একটি ছোট চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ads

খবরে আরও বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দেশটির আইনপ্রণেতাদের বলেছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে স্বল্প সময়ের মধ্যে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের আশা করা কঠিন। তবে একটি ছোট চুক্তি বা ছোট আকারের আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এই অসাধ্যসাধন সম্ভব হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিন বার বৈঠক করেছেন। ২০১৯ সালে হ্যানয় শীর্ষ সম্মেলনের পর উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা স্থগিত হয়ে যায়।

ads

এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করে জো বাইডেন ক্ষমতায় আসেন। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা বন্ধ হয়ে যায়। কিম জং উন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন।

২০২৪ সালের জুনে রাশিয়ার সঙ্গে একটি সামরিক চুক্তি সই করে উত্তর কোরিয়া। এই চুক্তি অনুযায়ী, তৃতীয় পক্ষের আক্রমণের শিকার হলে মস্কো এবং পিয়ংইয়ং পরস্পরকে সামরিক সহায়তা দিতে পারে।

অপরদিকে বিদায়ী বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এই দেশ তিনটি কোরীয় উপদ্বীপে প্রথম যৌথ সামরিক মহড়া শুরু করা সহ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে একটি ত্রিপক্ষীয় জোট গঠন করেছে।

গত বছরের ৫ নভেম্বরে ট্রাম্প দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর দুই সপ্তাহের বেশি সময় পরে উত্তর কোরিয়ার নেতা কিম যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা স্মরণ করেন। তিনি বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা করেছি। কিন্তু ফলাফল হলো উত্তর কোরিয়ার প্রতি অপরিবর্তনীয় আক্রমণাত্মক এবং শত্রুতামূলক নীতি।

এদিকে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফর করেন। সে সময় তিনি দাবি করেন, বাইডেন প্রশাসন শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য একাধিক চেষ্টা করেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

ad

পাঠকের মতামত