অভিনেতা প্রবীর মিত্র আর নেই
বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
তিনি আরও জানান, সোমবার ৬ জানুয়ারি বাদ যোহর মুসলিম ধর্মীয়রীতি মেনে এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, বিয়ের পর প্রবীর মিত্র হয়েছিলেন হাসান ইমাম।
খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
শরীরে অক্সিজেনস্বল্পতাসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত ২২ ডিসেম্বর এই অভিনেতাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীর মিত্র।
হাসপাতালে ভর্তির পর এই অভিনেতার ছেলে সিফাত ইসলাম সেসময় গণমাধ্যমকে বলেন, ‘বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ২২ ডিসেম্বর বাবাকে হাসপাতালে ভর্তি করি। শরীরে অক্সিজেন পাচ্ছিল না। এরপর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই। খারাপ অবস্থার দিকে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।’
১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুতে ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা। ক্যারিয়ারে সব মিলিয়ে চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র।











