55151

নির্বাচন সংস্কারে গতি বাড়ান: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন সংস্কারে গতি বাড়ান। আমরা আপনাদের চাপ দিচ্ছি না। বরং এই দাবি জানাচ্ছি যে, আপনারা যৌক্তিক সময় অপচয় করবেন না। মৌলিক সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন দিন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউনহল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ads

ডা. শফিকুর রহমান বলেন, নারীদের ভয় দেখিয়ে বলা হয় জামায়াতে ইসলামী দল ক্ষমতায় আসলে সবাইকে বোরকা পড়তে হবে এ ধারণা ঠিক নয়। ইসলামী দল ক্ষমতায় গেলে পেশাগত পরিচয়ে মর্যাদা ও নিরাপত্তা পাবে।

ads

তিনি বলেন, যারা এদেশে জন্মগ্রহণ করেছে তারাই এদেশের গর্বিত নাগরিক। মাইনরিটি (সংখ্যালঘু) শব্দ ব্যবহার করে একটি নির্দিষ্ট শ্রেণী কিছু স্বার্থ হাসিল করতে চায়। এর বাইরে কিছু না।

জামায়াতে আমীর কুমিল্লাবাসীর বিভাগের দাবি বিষয়ে বলেন, কুমিল্লাবাসীকে, কুমিল্লা নামে বিভাগ না দেয়ার সিদ্ধান্তও জুলুম। বরং কুমিল্লাবাসীর সম্মান ফিরিয়ে দিতে কুমিল্লা নামেই বিভাগ হওয়া উচিত।

তিনি বলেন, সংবাদকর্মী দেশের চতুর্থ স্তম্ভ, তাই আপনারা কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। দেশ গঠনে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের।

মহানগরী নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, মুহাম্মদ আবদুর রব, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মু. শাহজাহান ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন প্রমুখ।

ad

পাঠকের মতামত