প্রবাসী-নাগরিকদের হাতে লিখে ধন্যবাদ জানালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবসে নাগরিক ও বাসিন্দাদের হাতে লিখে ধন্যবাদ জানালেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি হাতে লেখা একটি বার্তা পোস্ট করে এ ধন্যবাদ জানান। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই বার্তায় শেখ মোহাম্মদ লেখেন,‘আমরা সংযুক্ত আরব আমিরাতের জনগণ, নাগরিক এবং বাসিন্দা উভয়ের জন্য গর্ববোধ করি। আপনার দৃঢ় সংকল্পের জন্য ধন্যবাদ। আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ। এই জাতির জন্য আপনি যা কিছু করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।’
আজ সোমবার স্বাধীনতার ৫৩তম বার্ষিকী পালন করছে সংযুক্ত আরব আমিরাত। এ বছর তারা দিনটি ‘ঈদ-আল-ইত্তেহাদ’ হিসেবে উদযাপন করছে।
দিবসটি উপলক্ষে আরব উপদ্বীপের দেশটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ৷ সরকার ইতোমধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে এবং শহরগুলোকে অপরূপ সাজে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার বন্দী মুক্তি দিচ্ছে, যার অধিকাংশ প্রবাসী।










