ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার (৩০ নভেম্বর) বার্তা সংস্থা এএফপি জানায়, অতিরিক্ত শুল্কারোপের ইস্যুতে আলোচনা করতেই ট্রুডোর এই সফর।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরপরই প্রতিবেশি রাষ্ট্র কানাডা ও মেক্সিকোসহ চীনের রপ্তানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এই ঘোষণার পর তিনটি দেশই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আর এই শুল্কারোপের ইস্যু নিয়ে কথা বলতেই যুক্তরাষ্ট্র সফরে জাস্টিন ট্রুডো।
এএফপি জানায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পাম বিচে পৌঁছেছেন। তিনি ট্রাম্পের বিলাসবহুল বাড়ি মার-এ-লাগোতে বৈঠক করবেন।
এদিকে কানাডার সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ সিবিসি জানিয়েছে, ট্রুডোর সঙ্গে তার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক রয়েছেন। ট্রুডো ট্রাম্পের সঙ্গে নৈশভোজেও অংশ নেবেন।
চীন ইতোমধ্যে রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। একইভাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম ও অর্থমন্ত্রী এব্রার্ড পাল্টা শুল্কারোপের হুমকি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে কানাডার রপ্তানির পরিমাণ তিন-চতুর্থাংশেরও বেশি। যার পরিমাণ ৪২৩ বিলিয়ন মার্কিন ডলার। কানাডার রপ্তানি বাণিজ্যের ওপর নির্ভর করছে প্রায় ২০ লাখ লোকের কর্মসংস্থান।









