শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও যুব সেবা সংঘ কুমিল্লার তীর্থযাত্রা
নিউজ ডেস্ক: শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘ, মহেশাঙ্গণ, কুমিল্লার যৌথ আয়োজনে “তীর্থযাত্রা-২০২৪” অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ নভেম্বর) কুমিল্লা নগরীর মহেশাঙ্গণ হতে পবিত্র তীর্থ ভূমি বারদী ধামে তীর্থ যাত্রা অনুষ্ঠানে অংশ নেন শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের সাবেক সভাপতি ডি. কে নাগ কানাই, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস, সিনিয়র সদস্য বিপ্লব চন্দ্র দাস, এডভোকেট তাপস চন্দ্র সরকার ও সজিব দেবনাথসহ প্রায় অর্ধ শতাধিক লোকনাথ ভক্ত ও অনুসারী।
জানা যায়- ১১৩৭ বঙ্গাব্দে শুভ জন্মাষ্ঠমী তিথিতে ভারতবর্ষের পশ্চিম বাংলার অন্তর্গত চব্বিশ পরগনা জেলার চৌরাশি চাকলা মৌজাস্থিত কচুয়া গ্রামে পিতা রামনারায়ণ ঘোষাল ও মাতা কমলাদেবী ঘর আলোকিত করে এক ধার্মিক ঘোষাল পরিবারে জন্ম গ্রহণ করেন ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। তিনি ছিলেন পিতা-মাতার চতুর্থ পুত্র সন্তান। বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ বেলা ১১টা ৪৫ মিনিটে একজন ভক্ত বাবার দেহ স্পর্শ করলেন বাবার প্রাণহীন দেহটা মাটিতে ঢলে পড়লে শোকের ছায়া নেমে আসে বারদীতে। বাবার দেহ নিয়ে আসা হয় আশ্রমের প্রাঙ্গনে। বাবার শেষ নির্দেশ অনুযায়ী সাজানো হলো চন্দন কাঠের চিতাশয্যা। তার উপর বাবার পবিত্র দেহটা শয়ন করানো হল। চিতায় অগ্নি সংযোগ করা হয়। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা বিস্তার করে সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে জ্বলে ওঠে চিতাগ্নি। অলৌকিক মহাতাপসের নশ্বর দেহ ভস্মীভূত হয়ে যায়। বিলি হয়ে যায় পঞ্চভূতে।










