54882

ডা.যোবায়দা হান্নানের ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক: কুমিল্লা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ও মহিয়সী নারী ডা.যোবায়দা হান্নানের ১৩তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা ডায়বেটিক সমিতি।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতি ও হাসপাতালে সভাপতি ও বিএনপি নেতা মোস্তাক মিয়া।

ads

সভায় ডা: জুবায়দা হান্নান কে নিয়ে স্মৃতিচারন করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নুরে আলম ভূঁইয়া, ডাঃ দিলরোবা আক্তার, অধ্যাপক ডাঃ এনামুল হক, সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাঃ অজিত কুমার পাল, ডাঃ ফজলুর রহমান, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ লুবনা ইয়াসমিন ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সালমা আক্তার।

ads

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডাঃ মোঃ তৌফিকুন নবী খান লিটন।

এদিকে, ডা. যোবায়দা হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১ নভেম্বর নাঙ্গলকোট উপজেলার আশার কোটায় ডা. যোবায়দা হান্নান গার্লস স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং ২৩ নভেম্বর সকালে নাঙ্গলকোট উপজেলার আশার কোটায় ডা. যোবায়দা হান্নানের কবর জিয়ারত এবং বেলা ১টা৩০মিনিটে শংকরপুরস্থ বিজেএকেএস পরিচালিত বিকো ও চক্ষু হাসপাতালের মিলনায়তনে কোরান খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ডা: যোবায়দা হান্নান ১৯৪৫ সালের ১৪ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাহফুজুল হক ছিলেন তৎকালীন পাকিস্তান সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও সমাজকল্যাণমন্ত্রী। ডাঃ ওয়ালী উল্লাহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি কুমিল্লা বসবাস শুরু করেন।

তিনি কুমিল্লায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা পরিচালিত বিকো ও চক্ষু হাসপাতালসহ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা জেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও নারী সংগঠন সমূহের জন্য বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে। তিনি ২০১১ সালের ২২ নভেম্বর অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীনী অবস্থায় মৃত্যুবরণ করেন।

ad

পাঠকের মতামত