কাতারের সঙ্গে বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে চুক্তি করল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের সঙ্গে বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সফরকালে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাণিজ্য সহজীকরণ থেকে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় একাধিক চুক্তি স্বাক্ষর করে দেশ দুইটি। খবর রয়টার্সের।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং আল-থানি তুরস্ক-কাতার হাই স্ট্র্যাটেজিক কমিটির বৈঠকে সহ-সভাপতি ছিলেন। আল-থানির এই সফরে বিনিয়োগ এবং বাণিজ্যের ওপর জোর দেয়া হয়েছে। এমন এক সময় এই চুক্তি হলো যখন গত সপ্তাহেই দোহা জানিয়েছে তারা গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে মধ্যস্থতা করার প্রচেষ্টা থামিয়ে দেবে।
তুরস্ক গাজা এবং লেবাননে আক্রমণের জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করা একটি দেশ। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে স্বাধীনতাকামী সংগঠন বলে মনে করে তুর্কি। পাশাপাশি হামাসের বেশকিছু রাজনৈতিক কর্মকর্তা নিয়মিত দেশটিতে সফর করেন।
অন্যদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই উপত্যকায় যুদ্ধবিরতির জন্য কাজ করছে দোহা। তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া এক সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করে হামাস। প্রতিরোধ যোদ্ধারা বলেছে, তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করলেই যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে তারা।
হামাসের এই প্রতিক্রিয়ার পর একপ্রকার ক্ষিপ্ত বাইডেন প্রশাসন। মার্কিন গণমাধ্যম এক সূত্রের বরাতে বলেছে, যুদ্ধবিরতির প্রস্তাব না মানায় দোহা থেকে হামাসের রাজনৈতিক কার্যালয় সরানর জন্য চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্রটি বলেছে, ওই আহ্বানে সাড়া দিয়ে হামাসকে দোহা থেকে চলে যেতে একটি নোটিশও দিয়েছে কাতার। তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি কাতার। আর হামাস জানিয়েছে, তারা দোহা ছাড়ার কোনো নোটিশ পায়নি।










