পার্লামেন্টের ভোটে টিকে গেলেন জাপানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ নির্বাচনে দল সংখ্যাগরিষ্ঠতা হারালেও জাপানের প্রধামন্ত্রীর পদ বহাল থাকছে শিগেরু ইশিবার। সোমবার (১১ নভেম্বর) পার্লামেন্টের বিশেষ ভোটে তিনি জাপানের প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত হলেন।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টারি ভোটে আইনপ্রণেতারা ইশিবার পক্ষে সমর্থন দিয়েছেন।
গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইশিবার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। দুই কক্ষবিশিষ্ট জাপানি পার্লামেন্টের সবচেয়ে প্রভাবশালী অংশ এটি। যার ফলে ইশিবাই দেশটির প্রধানমন্ত্রীর পদে থাকছেন কি না তা নিয়ে শঙ্কাও দেখা দিয়েছিল। তবে, সোমবারের পার্লামেন্টারি ভোটে উতরে যাওয়ায় দেশের প্রধানমন্ত্রী পদে তিনিই বহাল থাকছেন।
এবার ইশিবা যে সরকার গঠন করবেন, তা হবে সংখ্যালঘু সরকার। যার কারণে বিরোধী দলগুলোর দাবিগুলোকেও তাকে বিবেচনায় নিতে হবে। ইশিবা এলডিপির নেতা হলেও, সংসদের নিম্নকক্ষে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। ফলে নতুন কোনও বিল বা বাজেট অনুমোদনের জন্য তাকে বিরোধীদের সহযোগিতার প্রয়োজন হবে। এমন পরিস্থিতিতে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।
২০০৯ সালের পর এই প্রথম এলডিপি তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ১৯৫৫ সালের পর থেকে দলটি একটানা জাপানের ক্ষমতায় আছে। গত সেপ্টেম্বরে ক্ষমতাসীন এলডিপির প্রধান নির্বাচিত হন ইশিবা শিগেরু। প্রধানমন্ত্রী হওয়ার তিনদিনের মাথায় পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে নির্ধারিত সময়ের আগে নির্বাচনের ঘোষণা দেন তিনি।










