প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডা. মবিন খান মারা গেছেন
নিউজ ডেস্ক: দেশের প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ও বাংলাদেশে হেপাটোলজির জনক হিসেবে খ্যাত অধ্যাপক ডা. মবিন খান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোসাইটির অ্যাডমিন বিভাগের কর্মকর্তা মাসুদ শাওন জানান, অধ্যাপক মবিন খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সর্বশেষ ডায়াবেটিস ও পারকিনসন রোগে আক্রান্ত হয়ে প্রথিতযশা এই চিকিৎসক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানাজা ও দাফন প্রসঙ্গে তিনি জানান, আজ শুক্রবার সকাল ১১টায় অধ্যাপক মবিন খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গণে। এরপর বাদ জুমা তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ধানমণ্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কুমিল্লায় তাঁর গ্রামের বাড়িতে।
সেখানে তৃতীয় জানাজা শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।











