কুমিল্লার চকবাজারে বিশেষ টাস্কফোর্স অভিযান, জরিমানা আদায়
নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর চকবাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আজ বুধবার সকালে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সম্প্রতি গঠিত জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিটির সদস্যরা চকবাজারের চাল, পেঁয়াজ, রসুন, আদা, আলু, তেল, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ব্যবসায়ীদের ক্রয়কৃত পণ্যের পাকা ভাউচার সংরক্ষণ করতে বলেন। অভিযানে ক্রয়কৃত পেঁয়াজের ভাউচার প্রদর্শন করতে না পারা ও ইচ্ছেমত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ভোক্তা অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে মেসার্স জয় ভাণ্ডারকে ৫ হাজার টাকা এবং বর্ধিতমূল্যে চাউল বিক্রয় করায় মেসার্স এবি ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এ দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। তদারকি করা হয় অর্ধশত নিত্যপণ্যের পাইকারি দোকান। সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি টিম এবং স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।










