নিউজ ডেস্ক: কুমিল্লার হোমনায় তিনজনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাদ এবং শাহপরানের মামোতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও প্রতিবেশী মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় তাদেরকে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে মরদেহগুলো খাটের ওপর ফেলে রেখে পালিয়ে যায়। , বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তিনজনের মরদেহ একই কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ওসি জয়নাল আবেদীন বলেন, ‘আজ সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। মরদেহগুলোতে মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। মরদহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’






