46697

টেকসই মানব বসতি গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সব জায়গায় সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, স্থিতিস্থাপক ও টেকসই মানব বসতি গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২ অক্টোবর) বিশ্ব আবাসন দিবস। এ উপলক্ষে দেয়া বার্তায় রবিবার (১ অক্টোবর) তিনি এসব কথা বলেন। আন্তোনিও গুতেরেস-এর বার্তাটি জাতিসংঘ-এর ঢাকা অফিস প্রচার করেছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, “আঞ্চলিক পদক্ষেপ অত্যাবশ্যক এবং বিশ্বব্যাপী সহযোগিতা অপরিহার্য। এই বিশ্ব আবাসন দিবসে, আসুন আমরা সব মানুষের জন্য, সর্বত্র অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, স্থিতিস্থাপক ও টেকসই মানব বসতি গড়ে তোলার অঙ্গীকার করি।”

ads

চলতি বছরের বিশ্ব আবাসন দিবস, ‘স্থিতিস্থাপক শহুরে অর্থনীতি’ এবং অন্তর্ভুক্তিমূলক, সবুজ ও টেকসই প্রবৃদ্ধির চালক হিসেবে শহরগুলোর সম্ভাবনার ওপর আলোকপাত করেছে। আন্তোনিও গুতেরেস বলেছেন, “এই প্রতিশ্রুতি পূরণের জন্য শহরগুলোকে অবশ্যই অর্থনৈতিক ধাক্কা, ক্রমবর্ধমান জলবায়ু সংকট এবং বৈষম্য বৃদ্ধিসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”

তিনি বলেন, “আমাদের স্থানীয় ২০৩০ কোয়ালিশনের মাধ্যমে আমরা এই সংকটগুলো মোকাবেলা করতে এবং টেকসই নগরায়ন এগিয়ে নিতে, পুরো জাতিসংঘ ব্যবস্থাকে একত্রিত করছি। সার্কুলার ইকোনমি (উপকরণ বা পণ্যের পুনর্ব্যবহারের উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক ব্যবস্থা) তৈরিতে সহায়তা করছে, স্থানীয় শূন্য বর্জ্য উদ্যোগ।”

ads

সবুজ স্থান সম্প্রসারণের জন্য জনসাধারণের প্রচেষ্টা তাপপ্রবাহের সময় শহরের প্রাকৃতিক পরিবেশকে শীতল করতে সহায়তা করে। গুতেরেস বলেন, “খাদ্যের বর্জ্য কমাতে এবং স্থানীয় উৎপাদন উৎসাহিত করতে, আঞ্চলিক উদ্যোগ আমাদের খাদ্য ব্যবস্থার পরিবর্তনের মূল পদক্ষেপ।”

জাতিসংঘ মহাসচিব বলেন, “বৃহত্তর স্থিতিস্থাপকতা তৈরি এবং দুর্বল জনসংখ্যাকে আরো ভালোভাবে রক্ষা করার জন্য; টেকসই অবকাঠামো, আগাম সতর্কতা ব্যবস্থা এবং সবার জন্য সাশ্রয়ী মূল্যের ও পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে, অনেক বেশি বিনিয়োগ প্রয়োজন।”

“একইসঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃজনে বিনিয়োগ করার পাশাপাশি আমাদের অবশ্যই বিদ্যুৎ, পানীয় জল, স্যানিটেশন, পরিবহন এবং অন্যান্য মৌলিক পরিষেবাগুলোতে অভিগম্যতার উন্নয়নে কাজ করতে হবে;” বার্তায় উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ad

পাঠকের মতামত