৩৬ বছরে রেসলার ব্রাই ওয়াটের মৃত্যু
স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেশাদার রেসলার ব্রাই ওয়াট মারা গেছেন। তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) চিফ কনটেস্ট অফিসার পাউল লেভাসকু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর দিয়েছেন।
ওয়াটের প্রকৃত নাম উইনধাম রটুনদা। শারীরিক অসুস্থতার কারণে কয়েক মাস তিনি রেসলিং ইন্টারটেইনমেন্টের বাইরে ছিলেন। ২০০৯ সালে রেসলিং শুরু করেন তিনি। এর মধ্যে ২০২১ থেকে ২০২২ এর আগস্ট পর্যন্ত খেলার মধ্যে ছিলেন না।
ওয়াটের মৃত্যুর খবর দিয়ে লেভাসকু লিখেছেন, ‘কিছুক্ষণ আগে ডব্লিউডব্লিউই-এর হল অব ফ্রেমে জায়গা পাওয়া মাইক রটুনদার ফোন পেলাম। তিনি জানিয়েছেন উইনধাম রটুনদা আর নেই। আজ সকালের (স্থানীয় সময়) দিকে তিনি মারা গেছেন। তার পরিবারের প্রতি আমাদের সহবেদনা এবং সকলকে এই মুহূর্তে গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।’
গত বছরের সেপ্টেম্বরে খেলায় ফেরা রটুনদা নতুন নতুন চরিত্রের জন্য বেশ পরিচিত ও জনপ্রিয় ছিলেন। তার বাবা মাইকও রেসলার ছিলেন। যাকে মাইকেল ওয়ালস্ট্রিট বলা হতো। তিনি রেসলিং হল অব ফ্রেমে জায়গা পেয়েছেন। রটুনদার স্ত্রী জোজো ওফারম্যান ডব্লিউডব্লিউই-এর রিং এনাউন্সার। তার দুটি সন্তান আছে।










