বিনামূল্যে আফ্রিকার ৬ দেশে খাদ্যশস্য পাঠাবে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: আগামী তিন চার মাসের মধ্যে আফ্রিকার ৬ দেশে বিনামূল্যে খাদ্যসশ্য দিতে প্রস্তুত মস্কো। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবাগে দুই দিন ব্যাপী রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের শুভেচ্ছা বক্তব্যে ৬ দেশকে সর্বমোট ৫০ হাজার টন খাদ্যসশ্য বিনামূল্যে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আফ্রিকার ছয় দেশের মধ্যে রয়েছে- বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়া।
বৃহস্পতিবারের বক্তব্যে পুতিন বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই ২৫-৫০ হাজার টন খাদ্যসশ্য আফ্রিকার ছয় দেশে পাঠানো হবে।
উল্লেখ্য, কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো থেকে নিরাপদে শস্য পরিবহণের জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে হওয়া চুক্তির মেয়াদ শেষ হয় গত ১৭ জুলাই। শস্যচুক্তি শেষ হলে আর নবায়ন করেনি রাশিয়া। যার কারণে আফ্রিকার দেশগুলো খাদ্য সংকটের আশঙ্কায় ভুগছে।
ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া। তবুও আফ্রিকার কয়েকটি দেশ এখনো পুতিনকে সমর্থন দিয়ে যাচ্ছে। এ বিষয় পুতিন বলেন, এটি গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক সময়ে আফ্রিকার সঙ্গে আমাদের সহযোগিতা একটি নতুন স্তরে পৌঁছেছে। আমরা এই সহযোগিতার সম্পর্ক আরও বাড়াতে চাই।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নেতৃত্ব আফ্রিকা মহাদেশের ১৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা দুই দিন ব্যাপি এই সম্মেলনে অংশ গ্রহণ করেছেন।











