মাদক নির্মূলে পুলিশকে কঠিন ভূমিকা রাখতে হবে: মুজিবুল হক এমপি
ডেস্ক রিপোর্ট: সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, কুমিল্লা থেকেই কুমিল্লার পুলিশকে মাদক নির্মূলে উদাহরণ সৃষ্টি করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই পুলিশ বাহিনীকেও জিরো টলারেন্স নীতিতে থেকে মাদক নির্মূলে কঠিন ভূমিকা রাখতে হবে। কুমিল্লা সীমান্তবর্তী জেলা। এখানে প্রতিনিয়ত মাদক আসছে। আবার প্রচুর মাদক আটকও হচ্ছে। কিন্তু কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক ব্যবসা করে, কারা পৃষ্ঠপোষকতা করে এসবের খবর নিয়ে এলাকায় এলাকায় ঘুরে তালিকা সংগ্রহ করে কঠোর অবস্থানে যান।
বুধবার (২৬ জুলাই) চৌদ্দগ্রামের শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মাদক ও উগ্রবাদকে কে ‘না’ বলি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখি” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।

এ সময় ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র জি এম মীর হোসেন মিরু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, সহকারি পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, রাশেদা আখতার প্রমুখ।

মূখ্য আলোচকের বক্তব্যে পুলিশ সুপার বলেন- কোমলমতি শিক্ষার্থীরা দেশের ভবিষৎ কান্ডারি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থ বিকাশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব গুণাবলী রয়েছে। আপনাদের এলাকায় কেউ মাদক কারবারী থাকলে পুলিশকে জানান। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি হিসেবে মাদক নির্মূলে কাজ করবো এবং মাদকমুক্ত কুমিল্লা গড়বো।

উল্লেখ্য, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সীমান্তবর্তী ৫টি থানা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পর্যায়ক্রমে এই মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।











